ইপেপার / প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের রাজধানী ও কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন যাত্রীরা আগামী ২৩ মার্চের ট্রেনযাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানায়, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবন-এ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে সূত্র জানায়, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না।