ইপেপার / প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে গেলে বাসা ফাঁকা থাকে। এ সময় মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে নাগরিকরা থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোড-এ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটের কালোবাজারি এবং যাত্রী হয়রানি বন্ধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। ছিনতাইকারী, মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
মো. সরওয়ার বলেন, ঈদের সময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে অপরাধীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকাতেও বিশেষ নজরদারি থাকবে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
যাত্রীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজের হেফাজতে রাখতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তির গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এতে করে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ঈদের আগে ও পরে তিনদিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।