আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলগামী যাত্রী ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে প্রায় ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
পুলিশ সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের মহাসড়কগুলো ঈদের সময় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক, বগুড়া, পাবনা ও তাড়াশ-নাটোর সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি থাকবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, গত ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কোরবানির পশুবাহী ট্রাক চলাচল মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যাত্রী ও যানবাহন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে।
এছাড়া যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ও পশুবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।