ইপেপার / প্রিন্ট
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী ৩০ দিনের জন্য হরমুজ প্রণালির পূর্ণ তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব ইরানের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রোববার (২৮ জুন) দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং নৌ-চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে ইরান। তিনি জানান, প্রণালিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার কাজ চলছে।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের ওপর ন্যস্ত থাকবে। তিনি দাবি করেন, এ বিষয়ে অন্য কোনো দেশ বা পক্ষের সংশ্লিষ্টতার সুযোগ নেই এবং যেকোনো একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হবে। বাহিনীটি সতর্ক করে বলেছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে অতীতের তুলনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি ও আশপাশের কয়েকটি স্থানে সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরানের দাবি, এসব হামলায় তাদের কয়েকটি উপকূলীয় অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নতুন এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেলের বাজার এবং আন্তর্জাতিক নৌ-পরিবহনে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।