পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৩ মে) সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫১ হাজার ২২৭ জন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স মিলিয়ে মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
ফ্লাইট পরিচালনার হিসাবে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ৬৯টি ফ্লাইটে ২৭ হাজার ৪২৮ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
হজযাত্রীদের চিকিৎসা ও তথ্যসেবা কার্যক্রমও চলমান রয়েছে। সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ২টি সেবা প্রদান করা হয়েছে।
এদিকে, চলতি মৌসুমে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মৃত্যুবরণ করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট পরিচালিত হবে আগামী ২১ মে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ ফিরতি ফ্লাইট পরিচালনার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।