ইপেপার / প্রিন্ট
মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা Maldivian আগামী ১২ মার্চ থেকে ঢাকা–মালে–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে রাজধানীতে তাদের সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার দুই বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ ও মালদ্বীপ–এর মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউ–এর তাজ ম্যারিয়ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিটি অফিস উদ্বোধন করেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস। অনুষ্ঠানে গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন।
এয়ারলাইন্সটি জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—রোববার ও বৃহস্পতিবার—ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার থেকে (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা)। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা ও খাবার পাবেন।
উদ্বোধনী বক্তব্যে ইব্রাহিম ইয়াস বলেন, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের চাহিদা বিবেচনায় এ রুট পুনরায় চালু করা হয়েছে। এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং বাংলাদেশি কর্মী ও মালদ্বীপগামী ভ্রমণকারীদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ভ্রমণ সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ–এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সরাসরি এই ফ্লাইট বিশেষ সুবিধা এনে দেবে।
বর্তমানে মালদিভিয়ানের বহরে ২৬টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান। এসব উড়োজাহাজ দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।