ইপেপার / প্রিন্ট
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হানিফ খাঁন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর হাতিরঝিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী পথচারী কামরুজ্জামান জানান, রাতের দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়েই গাড়িটি দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের কয়েকজন পথচারী মিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
তিনি আরও জানান, নিহতের কাছে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘাতক পিকআপ ভ্যান শনাক্তের চেষ্টা চলছে।