ইপেপার / প্রিন্ট
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি-এ অবরোধ জারির পর এবার আরেক কৌশলগত জলপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, যদি প্রতিপক্ষ ইরানের ভূখণ্ড বা দ্বীপাঞ্চলে স্থল হামলার চেষ্টা করে, কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে সামরিক তৎপরতা বাড়ায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন করে সামরিক ফ্রন্ট খুলতে পারে আইআরজিসি।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালের সঙ্গে বৈশ্বিক নৌ-যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ—প্রায় ১২ শতাংশ—এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, এই প্রণালিতে অবরোধ কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
ইরানের এই হুমকির পেছনে রয়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। হুথি বিদ্রোহী গোষ্ঠী, যারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের সমর্থনপুষ্ট, তাদের মাধ্যমে এই প্রণালিতে প্রভাব বিস্তার সম্ভব বলে মনে করা হচ্ছে।
আইআরজিসির কর্মকর্তার দাবি, এ বিষয়ে হুথি নেতৃত্বের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে হরমুজের পর বাব আল-মান্দেবেও উত্তেজনা ছড়িয়ে পড়লে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।