চট্টগ্রামের পটিয়ায় ধানক্ষেতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। পরে অসুস্থ শরীর নিয়েই হাতে স্যালাইন লাগানো অবস্থায় বিচার চাইতে থানায় ছুটে যাওয়ার ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকায়। আহত কৃষক আবদুল আলম রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পটিয়া থানা কম্পাউন্ডে হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে তার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। গত বুধবার বিকেলে তার গরুর বাছুর নুর মোহাম্মদের ভাইয়ের জমিতে ঢুকে ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়। তিনি দাবি করেন, এ ঘটনায় বাছুরটিকে মারধর করে আহত করা হয়। এর জের ধরে শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদের ছোট ভাই শের মোহাম্মদ বলেন, ধানক্ষেতে বাছুর ঢোকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তার দাবি, আবদুল আলমই প্রথমে আঘাত করেন এবং পরবর্তীতে ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে আহত হন। তিনি আরও বলেন, আহত কৃষকের চিকিৎসার খরচও তারা বহন করেছেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, জমিজমা সংক্রান্ত বিরোধ ও ছোটখাটো ঘটনা থেকেই প্রায়ই এমন সংঘর্ষের সূত্রপাত হয়, যা কখনও কখনও সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী।