ইপেপার / প্রিন্ট
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথকভাবে পরিচালিত স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ অনুমোদন মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় দেওয়া হয়। এর ফলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বের দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল দিতে পারেনি। এর ফলে স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্ষেত্রে মানের অবনতি ঘটেছে।
প্রেস সচিব বলেন, “মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপ স্বাস্থ্য সেবা কার্যক্রমকে আরও কার্যকর এবং দক্ষ করবে।”
এছাড়া পূর্বের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন এটি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে। তবে এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।