ইপেপার / প্রিন্ট
দেশে সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর পেঁয়াজ উৎপাদনের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় যথেষ্ট হলেও সংরক্ষণ ঘাটতির কারণে বড় ধরনের অপচয় হচ্ছে। বিশেষ করে রাজবাড়ীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকায় এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।
মন্ত্রী জানান, এ সমস্যা সমাধানে সরকার এয়ার-ফ্লো মেশিন ব্যবহার করে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করছে। এর মাধ্যমে পেঁয়াজ ও রসুন দীর্ঘ সময় ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, ইতোমধ্যে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় শত শত এয়ার-ফ্লো মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি নতুন প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই আধুনিক সংরক্ষণ পদ্ধতিতে পেঁয়াজের অপচয় ২৫–৩০ শতাংশ থেকে কমে মাত্র ২–৪ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এতে কৃষকের ক্ষতি কমবে এবং বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে।
তিনি আরও বলেন, সঠিকভাবে এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে, এবং আমদানিনির্ভরতা কমে যাবে।
সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।