ইপেপার / প্রিন্ট
রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল।
শনিবার (১৬ মে) দুপুরে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাজারে গিয়ে হামলার প্রতিবাদ জানায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলে।
পরিদর্শনের সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নেতারা মাজার জিয়ারত করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। পরে তারা শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা প্রয়োজন। তার দাবি, কুষ্টিয়ার ফিলিপনগরসহ একাধিক ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাগুলোকে “মব” হিসেবে উপস্থাপন করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মিরপুরে শাহ আলী মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন।