ইপেপার / প্রিন্ট
শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মহানগর শাখা।
শুক্রবার (২২ মে) বাদ জুমা নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা শিশু রামিসা হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা শিশু রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।