ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজবাড়ী পৌর শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, আলাদিপুর আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ঘুরে এ চিত্র দেখা গেছে।
নারী ভোটাররা বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। ভোটকেন্দ্রের পরিবেশ ভালো রয়েছে। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।
এই নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার দুটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। রাজবাড়ী-১ আসনে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের ৩৫৪টি কেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে জেলা পুলিশ থেকে চিহ্নিত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ১১৯টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। এসব কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে, যেসব ক্যামেরা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ভোটের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র্যাবের সদস্যরা কাজ করবে। প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা রাজবাড়ীবাসীকে উপহার দিতে পারব।