ইপেপার / প্রিন্ট
মিথ্যা তথ্য প্রদান ও অনিয়মের অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬–এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গেজেট বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সময় কিছু ক্ষেত্রে ভুল তথ্য প্রদান এবং একাধিকবার নাম অন্তর্ভুক্ত হওয়ার মতো অনিয়ম ধরা পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও গত বছর একই ধরনের অনিয়মের কারণে ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করা হয়েছিল।
সর্বশেষ বাতিল হওয়া ১২ জনের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন। দিনাজপুর জেলার বাতিলকৃত ব্যক্তিরা হলেন— তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর এবং মোছা. সখিনা।
অন্যদিকে চাঁদপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন— মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘জুলাই যোদ্ধা’ তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে যাচাই কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতেও অনিয়ম বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।