ইপেপার / প্রিন্ট
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ১৬ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত চার শিশুর মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ৮ মাসের মধ্যে। চিকিৎসকদের মতে, সন্দেহজনক হামের পাশাপাশি নিউমোনিয়া, জন্মগত হৃদরোগ এবং তীব্র অপুষ্টির মতো জটিলতাও মৃত্যুর অন্যতম কারণ।
মৃতদের মধ্যে একজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চার মাস বয়সী কন্যাশিশু, একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চার মাস বয়সী ছেলে শিশু, একজন ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিন মাস বয়সী ছেলে শিশু এবং অপরজন সুনামগঞ্জ সদর উপজেলার আট মাস বয়সী কন্যাশিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ২২৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার জানান, মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে শুরু করে। আক্রান্ত শিশুদের চিকিৎসায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।