ইপেপার / প্রিন্ট
মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির সকল প্রকার নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ জানুয়ারি মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানি করলে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয়।
মন্ত্রণালয় জানায়, ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতিতে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অনুমোদনপ্রাপ্ত চাষিদের কার্যক্রম নিরীক্ষণ ও তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ও বিদ্যমান পোনা আমদানির অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণের জন্য প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা হবে। গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি দেশীয় বাগদা ও গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় চিংড়ি চাষ সম্প্রসারণে উপযুক্ত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।