ইপেপার / প্রিন্ট
চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আয়োজিত মোটরসাইকেল শোডাউনে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার, উচ্চ শব্দ সৃষ্টি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার মোটরসাইকেলচালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিতে অংশ নেওয়া মোটরসাইকেলগুলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিকে ঘিরে মাঠ এলাকায় বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি দেখা যায়।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শোডাউন শুরুর আগে টাউন ফুটবল মাঠ এলাকায় কয়েকটি মোটরসাইকেলের সাইলেন্সার খুলে উচ্চ শব্দ সৃষ্টি করা হচ্ছিল। এতে আশপাশের এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সাইলেন্সারবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে পৃথক চারটি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টি করা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি সাধারণ মানুষের জন্যও ভোগান্তির কারণ। পাশাপাশি অভিযানকালে কয়েকজন চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে উৎসব, ক্রীড়া আয়োজন বা অন্যান্য উপলক্ষে সড়কে বিশৃঙ্খল শোডাউন ও উচ্চ শব্দ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।