ইপেপার / প্রিন্ট
পশ্চিমবঙ্গের BJP সভাপতি শমীক ভট্টাচার্য্য সম্প্রতি বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রবিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে বলেন, “এই মন্তব্য বাংলাদেশের অখণ্ডতা বিরোধী, উগ্র ও অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের প্রতি কুঠারাঘাত।”
তিনি আরও বলেন, “ভারতের রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টা মারাত্মক হুমকি। বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।”
মিয়া গোলাম পরওয়ার ভারতের নেতাদের সতর্ক করেন যে, বাংলাদেশের সার্বভৌমত্বে যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। তিনি বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে দ্বিধা না করার আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আরও জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক আইন মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বিজেপি নেতার উগ্র মন্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।