ঢাকার পল্টন মডেল থানা এলাকায় দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন, জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান।
গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের কর্মকর্তারা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর চালান এবং কার্যালয়ের পাশে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলাটি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়।