ইপেপার / প্রিন্ট
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যাত্রীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।