ইপেপার / প্রিন্ট
ঢাকাস্থ পশ্চিমা ১৩ দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে। দেশগুলো আবেদনকারীদের সরকারি ও যাচাই করা প্রক্রিয়ার মাধ্যমে ভিসার জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ায় জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে। এই ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করা এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকারিভাবে যাচাই করা তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে বলা হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ এবং ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।
এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
দূতাবাসগুলো আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশি নাগরিকরা এই সতর্কবার্তা মেনে ভিসা প্রক্রিয়ায় অংশ নিলে তারা ঝুঁকি ও অনিয়ম থেকে রক্ষা পাবেন এবং ভিসা প্রক্রিয়ার সময় সুষ্ঠু ও নিরাপদ অভিজ্ঞতা অর্জন করবেন।