ইপেপার / প্রিন্ট
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ।
এর আগে সকালেই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বলেন, দেশীয় গবাদিপশুর সংরক্ষণ ও উন্নয়নে আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিকল্প নেই। খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন তাঁরা।
প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস–মুরগি, আধুনিক খামার প্রযুক্তি, পশুখাদ্য, কৃত্রিম প্রজনন, চিকিৎসা–সেবা এবং এলডিডিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।