ইপেপার / প্রিন্ট
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কুমিল্লা জেলা পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম।
জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে নিখোঁজ হন জিসান মিয়া প্রধান। পরদিন পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার (১২ জুন) রাতে লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ এবং চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে উদ্ধার হওয়ার পর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, জিসান নিখোঁজ ছিলেন না; বরং তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। পুলিশের ভাষ্যমতে, ২৫ বছর বয়সী এক নারীর সঙ্গে তার প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল এবং ওই নারী গর্ভবতী হয়ে পড়লে বিয়ের চাপ সৃষ্টি করেন। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে তিনি আত্মগোপনে চলে যান বলে দাবি করা হয়। পরে ওই নারীর দায়ের করা মামলার কথাও উল্লেখ করে পুলিশ।
ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশের তদন্তের অগ্রগতি জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।