চট্টগ্রামে সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত সূচনা করেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তোলা সফরকারীরা পরের তিন ওভারের মধ্যেই হারিয়েছে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন অজি ওপেনাররা। তবে তৃতীয় ওভারে নাসুম আহমেদের আঘাতে ভাঙে উদ্বোধনী জুটি। জশ ইংলিস লেগ বিফোরের ফাঁদে পড়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
এরপর চতুর্থ ওভারে টি-টোয়েন্টিতে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া নাহিদ রানা ফিরিয়ে দেন কুপার কনোলিকে। স্লিপে অসাধারণ ক্যাচ নিয়ে উইকেটটি নিশ্চিত করেন বাংলাদেশের ফিল্ডাররা।
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে মোস্তাফিজুর রহমান ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে। শর্ট লেন্থ ডেলিভারিতে মার্শের ব্যাটের কানায় লেগে বল উঠলে সাইফ হাসান দারুণ ক্যাচ নেন।
ফলে ৩১ রানেই কোনো উইকেট না হারানো অস্ট্রেলিয়া মুহূর্তেই ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পাওয়ার প্লে শেষে সফরকারীদের সংগ্রহ ৬ ওভারে ৪৪/৩।