ইপেপার / প্রিন্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে চাঁদাবাজি, বৈষম্য ও মাদক ব্যবসা বন্ধ করার দাবি জানিয়েছেন এক নারী ভোটার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এই শর্ত রাখেন নারী ভোটার। তিনি বলেন, “ভোট দেবো, তবে দেশে যেন আবারও বৈষম্য ও চাঁদাবাজি নতুন করে না আসে। ঢাকার এই এলাকাসহ সারাদেশ মাদকে ভরপুর হয়ে গেছে—এগুলো বন্ধ করতে হবে। সন্ত্রাসী কার্যক্রমও বন্ধ করতে হবে।”
জবাবে নাহিদ ইসলাম বলেন, “ইনশাআল্লাহ, জয়ী হলে চাঁদাবাজি, জমি দখল এবং মাদক কারবার বন্ধ করবো। আপনারা দোয়া করবেন।” তিনি ভোটারদেরকে বলেন, “শাপলা কলি মার্কা এবার ভোটটা দিয়েন। আমি এই এলাকার সন্তান। দোয়া রাখবেন।”
নাহিদ ইসলাম আরও বলেন, এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, এটি এলাকার নিরাপত্তা, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন। তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এবং মাদক বিস্তারই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
তিনি জনগণকে আশ্বাস দেন, ভোটারদের সমর্থন পেলে ঢাকা-১১ এলাকাসহ সারাদেশে শান্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবেন। নাহিদ ইসলাম বলেন, “আমি কথা দিয়ে রাজনীতি করতে চাই না। আপনারা যে সমস্যাগুলোর কথা বলছেন, সেগুলোই আমার অগ্রাধিকার হবে।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন তিনি এবং জানান যে, ভোটের মাধ্যমে মানুষের অংশগ্রহণ ও চাপে সরকারের সদিচ্ছা বাস্তবায়ন সম্ভব।