ইপেপার / প্রিন্ট
ঢাকার ধামরাই থানাধীন আইঙ্গন এলাকায় রাইস মিলে সংঘটিত ডাকাতির ঘটনায় ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ লুণ্ঠিত ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের আইঙ্গন মোড়ে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলে ১০–১২ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের বেঁধে রেখে প্রায় সাড়ে আট লাখ টাকার চাল, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর ধামরাই থানায় মামলা রুজু হলে পুলিশ সুপার ঢাকা জেলার সার্বিক তত্ত্বাবধানে ও ধামরাই থানার ওসি মো. নজমুল হুদা খানের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে প্রথমে ডাকাতিতে ব্যবহৃত একটি ছয়চাকা ট্রাক উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত মোট ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।