সংযুক্ত আরব আমিরাত–এ ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করা হয়েছে। দেশটিতে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার প্রস্তুতি চললেও তার আগেই আবুধাবির আকাশে প্রযুক্তির সহায়তায় দিনের বেলায় নতুন চাঁদের ছবি ধারণ করা হয়।
রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে আবুধাবিভিত্তিক আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র এই ছবি তোলে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট।
জ্যোতির্বিদদের তথ্যমতে, ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
চাঁদের ছবিটি ধারণ করেন জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ। এ কাজে তাকে সহায়তা করেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম ও আনাস মোহাম্মদ।
এদিকে আমিরাত সরকার সন্ধ্যায় সাধারণ নাগরিকদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
জ্যোতির্বিদদের ধারণা, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। একই সম্ভাবনা রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দিনের বেলায় চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও ধর্মীয়ভাবে ঈদের তারিখ নির্ধারণে এখনো খালি চোখে চাঁদ দেখার প্রথাই অনুসরণ করা হয়।