তুরস্ক ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার নির্দেশনা ও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য এড়াতে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাস জানায়, বর্তমানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া ও তুর্কমেনিস্তান—এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের আওতায় রয়েছে। এসব দেশে অবস্থানরত বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং বিভিন্ন প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিয়মিত পাচ্ছেন।
সম্প্রতি অধিক্ষেত্রের বাইরের বিভিন্ন দেশে দূতাবাস কর্মকর্তাদের সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে দূতাবাস সতর্কতা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিক্ষেত্রের বাইরে কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়–এর বিশেষ অনুমোদন প্রয়োজন হয় এবং এ ধরনের কোনো সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশেষ প্রয়োজনে অধিক্ষেত্র বহির্ভূত দেশগুলোতে থাকা প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ই-পাসপোর্ট সংক্রান্ত সেবার ক্ষেত্রে কুরিয়ারের সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে দূতাবাস। এ ধরনের সেবা পেতে আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে।
দূতাবাস আরও জানায়, কনস্যুলার সেবার বিপরীতে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ প্রদান না করতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। দালাল বা তৃতীয় পক্ষের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
প্রবাসীদের সহায়তায় দূতাবাস ই-মেইল, টেলিফোন, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যেকোনো বিভ্রান্তি বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।