ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে মনোনীত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণ করা হয়। তার পক্ষে চিঠি গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
চিঠি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল ইসলাম বলেন, “ঢাকা বিভাগীয় কমিশনার তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। একই সঙ্গে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ও উদ্দীপ্ত।”
এদিন, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
এছাড়া, ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।