ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে মিরপুর ও কালশীর মানুষদের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে আমিনুল হক স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পথসভায় তিনি বলেন, “আমি এখানকারই সন্তান। মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”
এছাড়া তিনি এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা—বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও কবরস্থানের অভাব—সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রচারকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও তোলেন তিনি। অভিযোগ, প্রতিদ্বন্দ্বী ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ ও আর্থিক প্রলোভন দিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আমিনুল হক জানিয়েছেন, তিনি ভিডিও প্রমাণসহ বিষয়টি নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাবেন।
সংগঠন ও সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে চলা গণসংযোগকালে তিনি ভোটারদের প্রলোভন এড়িয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।