ইপেপার / প্রিন্ট
হঠাৎ করেই বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথের পানির দাম। রোববার (১ মার্চ) থেকে প্রতি লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১ টাকা। আগে ভ্যাট-ট্যাক্সসহ প্রতি লিটার পানির দাম ছিল ৮০ পয়সা। অর্থাৎ একবারে ২০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট পানির দাম ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে নতুন দর কার্যকর হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এক অফিস আদেশে জানান, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন ও মেইনটেন্যান্স ব্যয় বৃদ্ধির কারণে এটিএম বুথের পানির দাম ০.৮০ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ড্রিংকওয়েল। আরএফআইডি কার্ডের মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব বুথ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায়। ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত কার্ড রিচার্জের সুবিধা রয়েছে।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা খাদেমুল ইসলাম বলেন, পরিবার নিয়ে নিয়মিত এই পানি পান করেন তিনি। হঠাৎ করে লিটারে ২০ পয়সা বাড়ানোয় তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
মগবাজার এলাকার আমিনুল হক বলেন, কয়েকদিন ধরেই বুথে নোটিশ টানানো ছিল। চাহিদা বাড়ার সুযোগে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, এটি একক সিদ্ধান্ত নয়; বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী দাম বাড়ানো হয়েছে। কেমিক্যাল, ফিল্টার ও জনবল ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।