ইপেপার / প্রিন্ট
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পাঁচ সদস্যের একটি চোরচক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দোকান থেকে তিন জোড়া ট্রাকের টায়ার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় দোকানের ভেতরে থাকা এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়দের ধাওয়া খেয়ে চোরচক্রের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও একজন আটক হন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোকান মালিকের ভাই তুষার হোসেন জানান, সিসিটিভি ক্যামেরায় টায়ার চুরির দৃশ্য দেখতে পেয়ে তিনি দ্রুত স্থানীয়দের সতর্ক করেন। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে একজনকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পলাতক চোরচক্রের সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।