বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ থাকলেও দেশে তেলের সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং আগামী জুন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকার ভর্তুকি দিয়ে বেশি দামে জ্বালানি তেল আমদানি করছে, যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়ে। এ খাতে জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে, তবে দেশের মানুষ নিয়মিত তেল পাচ্ছেন।
এ সময় বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।