ইপেপার / প্রিন্ট
জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতীয় বীর; তাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদীরা দীর্ঘ সময় দেশ ও জাতির ওপর শাসনের চাপে রাখলেও জুলাই যোদ্ধারা সেই নৈরাজ্য থেকে জাতিকে উদ্ধার করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এতে প্রায় ২ হাজার তরুণ শহীদ হয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন।”
সেলিম উদ্দিন বলেন, জামায়াত জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এসেছে। শহীদ পরিবারকে কমপক্ষে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের সুচিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শহীদদের সংক্ষিপ্ত জীবনী সহ তালিকা বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে, যাতে বিশ্বের পাঠকরা তাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা জানতে পারে। তিনি উল্লেখ করেন, “এই ধরনের ইতিবাচক পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।”
তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি তারিক হাসান।