ইপেপার / প্রিন্ট
ঢাকা-৭ আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহ বলেছেন, জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল বা ব্যালট কারচুপির সুযোগ দেওয়া যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৭ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক নির্বাচনী গণমিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনায়েত উল্লাহ বলেন, প্রশাসনের ভেতরে ও বাইরে একটি মহল একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে ইঞ্জিনিয়ারিং নির্বাচনের ছক আঁকছে। সেই দলের অতীত অপকর্মের দায়মুক্তি নিশ্চিত করতেই জনগণের ভোট কারচুপির মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কোনো পরিস্থিতিতেই ভোটকেন্দ্র দখল হতে দেওয়া যাবে না। ব্যালট কারচুপির মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা জনগণ প্রতিহত করবে।
সমাবেশে উপস্থিত নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, যারা মা-বোনদের হিজাব ধরে টান দেয় এবং নারীদের ওপর নির্যাতন চালায়, তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।
নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা নারীর প্রতি অসম্মানজনক ও অশ্লীল আচরণ করে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদা লুণ্ঠন করবে। যারা নারীদের মা-বোনের মর্যাদায় দেখে এবং নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় আপসহীন, তাদের নেতৃত্বেই দেশ নিরাপদ হবে। জামায়াতে ইসলামী নেতৃত্বে এলে নারী সমাজ সম্মানিত ও মর্যাদাবান হবে বলেও দাবি করেন তিনি।
সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি গণমিছিল কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-৭ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মহানগর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা-৭ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।