ইপেপার / প্রিন্ট
আগামী ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ সম্পন্ন করে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
বুধবার (২৪ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর টার্মিনালের কার্যক্রম চালু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে কয়েকটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট ও জনভোগান্তি বেড়েছিল। বর্তমান সরকার পরিকল্পিতভাবে টার্মিনাল ব্যবস্থাপনা গড়ে তুলে রাজধানী ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
হাবিবুর রশীদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের প্রায় ৪৮ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।