ইপেপার / প্রিন্ট
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের “মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে” পৌঁছেও শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়েছে।
তিনি জানান, ইসলামাবাদ-এ অনুষ্ঠিত সংলাপে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে অংশ নেয় এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কঠোর অবস্থান, আলোচনার শর্ত পরিবর্তন এবং অবরোধ আরোপের কারণে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, “৪৭ বছর পর প্রথম সরাসরি ও নিবিড় আলোচনায় ইরান সদিচ্ছা নিয়েই অংশ নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়।”
তিনি আরও বলেন, আলোচনার অভিজ্ঞতা থেকে ইতিবাচক কোনো ফল আসেনি; বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাঁর ভাষায়, “সদিচ্ছা থেকেই সদিচ্ছার জন্ম হয়, শত্রুতা ডেকে আনে শত্রুতা।”
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে উত্তেজনা চলছে। এর আগে একাধিক দফা আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে।