ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার ভোরে নগরের ইপিজেড থানা এলাকার আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা বিদেশি মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় চোরাচালান ও মাদকপাচার ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।