ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্ধারিত কক্ষের বাইরে আলাদা কক্ষে ভোটগ্রহণের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বেলা ১১টার দিকে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট চলাকালে একটি গুরুতর অনিয়ম প্রত্যক্ষ করা হয়েছে। কেন্দ্রের অধ্যক্ষের কক্ষ নির্ধারিত কোনো ভোটকক্ষ না হলেও সেখানে একজন বিশেষ ব্যক্তিকে আলাদাভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, এই কাজটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা করেছেন এবং এর ভিডিও প্রমাণ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভোট প্রদানের সময় ওই কক্ষে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না, যা নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থি এবং আইনের লঙ্ঘন। পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ব্যালট পেপারের বই ও সিল সেখানে নিয়ে গিয়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নাকি স্বীকার করেছেন যে, তাকে জোরপূর্বক এ কাজ করানো হয়েছে।
মিজানুর রহমান বলেন, “নির্ধারিত কক্ষের বাইরে এবং পোলিং এজেন্ট ছাড়া এভাবে ভোটগ্রহণ করা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্তের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।








