ইপেপার / প্রিন্ট
আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে **মাসব্যাপী কর্মসূচি** ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু। গণতন্ত্র রক্ষা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই দেশব্যাপী এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে থাকবে ছাত্র-জনতার সঙ্গে সরাসরি জনসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক এবং রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক সেমিনার। পাশাপাশি সুশীল সমাজ, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে।
কর্মসূচিতে আরও অন্তর্ভুক্ত থাকবে ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা, গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, পথনাটক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সফর।
ভিপি সাদিক কায়েম বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিল। গণভোট সেই কাঠামো ভেঙে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষিত হবে। পাশাপাশি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হবে।
সংবাদ সম্মেলনে ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগের লক্ষ্য ছিল একটি নতুন ও সংস্কারমুখী বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারির সংস্কারবিষয়ক গণভোটেই সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ রয়েছে।
ডাকসুর পক্ষ থেকে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।