ইপেপার / প্রিন্ট
ঈদযাত্রায় বিভিন্ন দুর্ঘটনায় হতাহতদের জন্য জাতীয় সংসদে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৫ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে দিনের কার্যসূচি শুরুর আগে তিনি এ অনুরোধ জানান।
বিরোধী দলীয় নেতা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাপথে বাস, ট্রেন ও ফেরি দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং ফেরিতে ওঠার সময় বাস ডুবে যাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেন।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা যেতে পারে কি না—এ বিষয়ে সংসদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
তার এই প্রস্তাবের জবাবে সংসদের স্পিকার জানান, বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে নির্ধারিত কার্যসূচি অনুযায়ী পরবর্তী আলোচনা শুরু হয়।
ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার পুনরাবৃত্তি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা জোরদার না করলে এ ধরনের প্রাণহানি রোধ করা কঠিন হয়ে পড়বে।