ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান মনে করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের ভূমিধস বিজয় হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন কালো টাকা ও পেশিশক্তিমুক্ত, মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায় এবং সেই আকাঙ্ক্ষা থেকেই ভোটাররা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরের ৭ নম্বর ওয়ার্ডে নিজের নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এরপর তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ব্যারিস্টার আরমান তার বক্তব্যে সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মানুষ এমন জনপ্রতিনিধি চায় যাকে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী যে কোনো প্রলোভন বা বিপদেও আদর্শ বিচ্যুত হবে না। আমাদের আদর্শ আল্লাহকে ভয় করা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সব কার্যক্রম করা।”
তিনি অতীত গণ-অভ্যুত্থানের চেতনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও অনুগত মানুষ আছে। ছাত্র-জনতাকে অনুরোধ করব, যেমনিভাবে ৫ আগস্ট বুক পেতে দিয়েছিলেন, সেই চেতনা ধারণ করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারিতে ভোট দিন।”
ব্যারিস্টার আরমান নেতা-কর্মীদের আহ্বান জানান একটি জবাবদিহিমূলক ও সৎ রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য নির্বাচনী মাঠে সক্রিয় থাকার, এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।