ইপেপার / প্রিন্ট
চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের “জিরো টলারেন্স” নীতির কারণে এসব অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর ভূমি দখল, চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সন্ত্রাসী ও প্রভাবশালী গোষ্ঠীর কারণে এসব অপরাধ বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করে অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি দাবি করেন, এর ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইনের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।