ইপেপার / প্রিন্ট
তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনে ব্যাপক প্রভাব পড়েছে। অতিরিক্ত গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসির ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে অনুষ্ঠানটি আবার চালু করা হয়।
দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ রেকর্ড মাত্রার তাপপ্রবাহের মধ্যে দিন কাটিয়েছেন। তীব্র গরমের কারণে নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, কলোরাডোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স’ প্যারেডও বাতিল করা হয়েছে। আয়োজকরা জানান, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসির ফ্রিডম ২৫০ মেলায় তাপজনিত অসুস্থতায় বহু মানুষ চিকিৎসা নেন। ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। মেলায় উপস্থিত অনেক দর্শনার্থী অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে খোলা আকাশের নিচে ভাষণ দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি বলেছেন, অনুষ্ঠানটি বাইরে আয়োজনের পক্ষেই তিনি ছিলেন।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ পুরো সপ্তাহজুড়েই অব্যাহত থাকবে। ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটন ডিসিতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে, যা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড়, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও টর্নেডোর আশঙ্কাও রয়েছে।