ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চট্টগ্রামের মীরসরাই থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল হাসান (৩২), শাকিব (২৪), মুসলিম (৩০), মো. মোরশেদ আলম (৪০) এবং রাহাত হোসেন (২২)।
সোমবার (২৯ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের মহাস্থানগর বিশ্বরোড এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাই জসিম উদ্দিন (৩০) আগের দিন (২৮ জুন) অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, পরে সেই দাবি কমিয়ে ৫ লাখ টাকায় আনে। এ সময় ভুক্তভোগীর পরিবার অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়েছিল বলেও জানান তিনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিষয়টি জোরারগঞ্জ থানাকে জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান মীরসরাই থানা এলাকায় শনাক্ত হলে সেখানে অভিযান পরিচালনার জন্য মীরসরাই থানাকে অবহিত করা হয়।
মীরসরাই থানার এসআই শাহীন আহমেদ নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে। একই অভিযানে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জসিম উদ্দিনকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সময়মতো তথ্য দেওয়ার ফলে দ্রুত অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।