ইপেপার / প্রিন্ট
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে কেবল ইরানের নির্ধারিত রুট ব্যবহার করেই প্রণালিটি অতিক্রম করতে হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির নৌবাহিনীর আইন কার্যকর থাকবে। তাই সব বিদেশি জাহাজকে ইরানের নির্দেশনা মেনে চলতে হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছিল। তবে আইআরজিসির সতর্কবার্তার পর জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে সম্প্রতি সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্রসদৃশ হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এই ঘটনার জেরে হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের জাতিসংঘের মিশনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
যদিও ওই হামলার দায় স্বীকার করেনি তেহরান, তবে ইরান দীর্ঘদিন ধরেই তাদের অনুমতি ছাড়া এই নৌপথ ব্যবহার না করার জন্য বিদেশি জাহাজগুলোকে সতর্ক করে আসছে।
এদিকে নৌ-চলাচল সচল রাখতে ওমান হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে এই করিডোর চালু করা হয়েছে, যাতে বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।
ওমান জানিয়েছে, এই করিডোর ব্যবহার করতে কোনো ধরনের ফি দিতে হবে না। তবে জাহাজগুলোকে আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।