ইপেপার / প্রিন্ট
বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে মুহূর্তেই একজন খেলোয়াড়কে বিশ্বজুড়ে পরিচিত করে তুলতে পারে, তার নতুন উদাহরণ হয়ে উঠেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দায়াস, যিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতারাতি আলোচনায় চলে এসেছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগের সামনে তিনি গোলপোস্টের নিচে অটল প্রাচীর হয়ে দাঁড়ান।
লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসসহ স্পেনের তারকা ফুটবলারদের একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় প্রতিহত করে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেন ভোজিনহা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
ম্যাচের আগে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৪৫ থেকে ৫০ হাজার। তবে স্পেনের বিপক্ষে নায়কোচিত পারফরম্যান্সের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তাকে অনুসরণ করতে শুরু করেন, ফলে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন নেটদুনিয়ার নতুন সেনসেশন।
জোসিমার ডায়াস ২০০৭ সাল থেকে কেপ ভার্দে জাতীয় দলের হয়ে খেলছেন। আফ্রিকার বিভিন্ন ক্লাব ও ইউরোপের ছোট লিগে দীর্ঘ ক্যারিয়ার কাটালেও বিশ্বমঞ্চে বড় পরিচিতি পাননি কখনো। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসে বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে তার অবিস্মরণীয় পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে বৈশ্বিক খ্যাতি।