ইপেপার / প্রিন্ট
বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হওয়া মার্কিন ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্ধারিত নিয়ম মেনে চললে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা এবং সেখানে কোনো ধরনের কাজ না করার শর্ত পূরণ হলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে তাকে বন্ড পরিশোধের নির্দেশনা দেওয়া হবে। এ ক্ষেত্রে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে অনলাইন পরিশোধ ব্যবস্থার সরাসরি লিংক সরবরাহ করবেন।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসার জন্য অনুমোদন পাওয়ার পর আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। বন্ড জমা দেওয়ার পর সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা ইস্যু করা হবে।
এ কর্মসূচির আওতায় ভিসাধারীদের নির্ধারিত কিছু প্রবেশপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এছাড়া ভিসার শর্ত লঙ্ঘন করা যাবে না।
বন্ড ফেরতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, ভিসাধারীকে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না এবং ভিসার মেয়াদ বা অনুমোদিত সময় শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসতে হবে। এসব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।
দূতাবাস আরও জানিয়েছে, এই কর্মসূচি বাংলাদেশি নাগরিকদের বি-১ (ব্যবসায়িক সফর) এবং বি-২ (পর্যটন ও ব্যক্তিগত সফর) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবেদনকারীদের ন্যূনতম ৫ হাজার মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ভিসা বন্ড ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা এবং নির্ধারিত সময় শেষে ভিসাধারীদের নিজ দেশে ফিরে আসা উৎসাহিত করা। ফলে যারা নিয়ম মেনে সফর সম্পন্ন করবেন, তারা জমা দেওয়া অর্থ ফেরত পাবেন।