পবিত্র ঈদুল আজহার দিনে নিহত শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজধানীর পল্লবীতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নিহত শিশুটির বাবার কান্নায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
রামিসার পরিবারকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে তিনি তাদের খোঁজ নিতে এসেছেন। তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিহত শিশুটির বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও নেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, “আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে প্রধানমন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন।